রাজধানীর মুগদা মানিকনগর এলাকায় একটি বাসায় এক স্কুলছাত্রী (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার দুপুরে মানিকনগর হাফেজ সাহেবের গলির বাসা থেকে ওই ছাত্রীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ছাত্রীর পরিবার কথিত প্রেমিক মেজবাহর (২৫) বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছে।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌসী আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, দুপুরে সংবাদ পেয়ে মানিকনগরের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সে বিছানায় শায়িত অবস্থায় ছিল।
তিনি জানান, ছাত্রীর পরিবার দাবি করেছে মেজবাহ নামের এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল তার। মা-বাবা বিষয়টি জানতে পারে এবং ওই ছেলের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করে। এরপরও মেজবাহ ছাত্রীকে ফোনে ডিস্টার্ব করত। এসব কারণে দুপুরে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
তিনি আরও জানান, এই ঘটনায় ছাত্রীর পরিবার আত্মহত্যার প্ররোচনায় মেজবাহকে আসামি করে থানায় মামলা করেছে। তবে এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।