সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরকৈজুরি গ্রামে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলার আসামি নিরব হাসানকে ১১ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত ১৬ জুলাই এ ধর্ষণের ঘটনা ঘটে। এতদিনেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ওই শিশুর দরিদ্র পরিবার হতাশ হয়ে অসহায় বোধ করছে। তারা অবিলম্বে নিরবকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শিশুটির বাবা ও স্বজনরা জানান, ওইদিন বিকেলে দোকান থেকে কেনাকাটা করে বাড়ি ফেরার সময় পথ থেকে তাকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যায় নিরব হাসান। পরে পাশের জনমানবহীন একটি তাঁত কারখানার শৌচাগারে নিয়ে নিরব তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নিরবকে একমাত্র আসামি করে শাহজাদপুর থানায় একটি মামলা করেছেন।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, ধর্ষক নিরব পালিয়ে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে তাকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।