নরসিংদী হাসপাতালে ১০০ অক্সিজেন সিলিন্ডার প্রদান

নরসিংদীতে কভিড ডেডিকেটেড হাসপাতালের জন্য ১০০ বড় অক্সিজেন সিলিন্ডার দিয়েছে রায়পুরা উপজেলার এ কে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশন। গত শনিবার সন্ধ্যা ৭টায় কভিড ডেডিকেটেড জেলা হাসপাতালে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে নরসিংদী জেলা হাসপাতালে ফাউন্ডেশনের পরিচালক ফেরদৌস কামাল এসব সিলিন্ডার হস্তান্তর করেন। জেলার পক্ষ থেকে সিলিন্ডারগুলো গ্রহণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

এ সময় জেলা প্রশাসক অক্সিজেন সিলিন্ডারদাতা ওই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনা পরিস্থিতিতে পাওয়া এই সিলিন্ডারগুলো জেলা সদরসহ উপজেলার হাসপাতালগুলোতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।

সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান, জেলা হাসপাতালের মুখপাত্র ডা. এ এন এম মিজানুর রহমান প্রমুখ।