করোনাভাইরাসে দেশে একদিনে আরো ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ১৪৯২৫ রোগী। এর আগে সোমবার ২৪৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ১৯৭৭৯ জনের।
গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫২৪৭৮ নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৮.৪৪ শতাংশ।
সোমবার সর্বোচ্চ ১৫ হাজার ১৯২ নতুন রোগী শনাক্ত হয়েছিল। নতুন আক্রান্তদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে।
সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন আরও ১২ হাজার ৪৩৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৬১ জন, খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৫০ জনের। রাজশাহীতে ২১ ও বরিশালে ১৩ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।
সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলতি মাসের প্রথম দুই সপ্তাহ দেশে সর্বাত্মক বিধিনিষেধ পালন করা হয়। এ সময় সব ধরনের অফিসের পাশাপাশি গণপরিবহন চলাচলও বন্ধ রাখা হয়। ২১ জুলাই ঈদুল আজহা উপলক্ষে এই বিধিনিষেধ আট দিনের জন্য শিথিল থাকার পর গত শুক্রবার থেকে আবার দুই সপ্তাহের লকডাউন শুরু হয়েছে।