ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
মঙ্গলবার সকাল থেকেই তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন ছিল বলে জানিয়েছেন আলী আশরাফের ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন।
তিনি বলেন, “চিকিত্সকরা জানিয়েছেন, আজ সকাল থেকেই তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন হয়ে উঠেছে। তার রক্তচাপ দ্রুত ওঠানামা করছে। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তার ফুসফুস সংক্রমিত হয়েছে। তার কিডনিও পুরোপুরি কাজ করছে না।”
৭৪ বছর বয়সী আলী আশরাফকে গত ৯ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১১ জুলাই তাকে আইসিইউতে নেওয়া হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় গত ২৩ জুলাই থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন।
অধ্যাপক মো. আলী আশরাফ কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
পরে, কুমিল্লা-৭ আসন চান্দিনা থেকে ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ সালে তিনি সপ্তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন।