স্বামীকে জামিনে মুক্ত করতে নারায়ণগঞ্জ এসে দু’দফা ধর্ষণের শিকার গৃহবধূ

কারাগারে আটক স্বামীকে জামিনে মুক্ত করতে টেকনাফ থেকে নারায়ণগঞ্জে এসে দুই দফা ধর্ষণের শিকার হয়েছেন এক নারী (৪০)। এ ঘটনায় মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে ওই নারী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় জামালপুর জেলার ইসলামপুর থানার অমপুরের বাসিন্দা মো. ফিরোজ মিয়াকে (২৮)।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী মাদক মামলায় নারায়ণগঞ্জ জেলা কারাগার রয়েছেন। স্বামীকে জামিনে মুক্ত করার কথা বলে ফিরোজ মিয়া ওই নারীকে ১৫ জুলাই নারায়ণগঞ্জ আসতে বলে। ওই দিনই তিনি টেকনাফ থেকে নারায়ণগঞ্জে আসেন। পরে ফিরোজ মিয়া তাকে ইসদাইরার ভাড়া বাসায় থাকার জন্য প্রস্তাব দিলে তিনি রাজি হন। স্বামীকে কারাগার থেকে মুক্ত করার কথা বলে ফিরোজ মিয়া নারীর কাছ থেকে ৫৫ হাজার টাকা নেয়। পরে ২০ জুলাই রাত সাড়ে ১২টার দিকে ফিরোজ মিয়া ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় বাধা দিলে হত্যা করার হুমকি দেয়। ২৬ জুলাই সকাল ১০টার দিকে স্বামীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে গৃহবধূকে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যার হুমকি দিয়ে দ্বিতীয় দফায় ধর্ষণ করে। পরে রিকশায় করে শহরের চাষাঢ়া বাসস্ট্যান্ড এলাকায় পাঠিয়ে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আবদুর রউফ জানান, অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নির্যাতিত নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।