বরিশালে পুলিশের চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশ নিজেই সেজেছিলেন ক্রেতা। আর তাতেই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
ঈদুল আজহার দুদিন আগে ঝালকাঠীর সুগন্ধা গরুর হাট থেকে কৌশলে বরিশাল আদালতে কর্মরত এসআই খলিলুর রহমানের ডিসকভার মোটরসাইকেলটি চুরি করে চোরচক্র। গত সোমবার সন্ধ্যায় ক্রেতা সেজে গৌরনদী উপজেলার বাটাজোর হাইস্কুল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, ঝালকাঠীর গগন এলাকার বাসিন্দা স্বপন তামিলদারের ছেলে বরিশাল নগরের ২২ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া সোহেল তামিলদার (৩০), পিরোজপুর নেছারাবাদের সুঠিয়াকাঠী গ্রামের সামছুল হকের ছেলে মেহেদী হাসান (২০) ও বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মামুন মোল্লার ছেলে নাহিদ হোসেন (২১)।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ঈদুল আজহার দুদিন আগে ঝালকাঠীর সুগন্ধা গরুর হাট থেকে বরিশাল আদালতে কর্মরত এসআই খলিলুর রহমানের ডিসকভার মোটরসাইকেলটি চুরি করে। বিভিন্ন কৌশল অবলম্বন করে ক্রেতা সেজে উপপরিদর্শক (এসআই) খাইরুল আলম চুরি হওয়া মোটরসাইকেলসহ তিন চোরকে গ্রেপ্তার করেন।