চাঁদপুরে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করাতে এসে কামরুন্নাহার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে। মৃত নারী মতলব দক্ষিণ উপজেলার পদুয়া এলাকার মো. ছাত্তারের স্ত্রী।
কামরুন্নাহারের স্বামী আব্দুর সাত্তার বলেন, আমার স্ত্রী হৃদরোগে আক্রান্ত ছিলেন। তা ছাড়া কয়েকদিন যাবৎ জ্বর, সর্দি ও কাশি থাকায় করোনা টেস্ট করার জন্য সকালে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে করোনা পরীক্ষার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
কচুয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. সালাউদ্দীন মাহমুদ বলেন, কামরুন্নাহার জ্বর, সর্দি-কাশিতে অনেক দিন ভুগছিলেন। কিন্তু তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সংকটাপন্ন অবস্থায় নমুনা দিতে আসেন। বুধবার নমুনা দিতে আসা ৭৭ জনের মধ্যে তার সিরিয়াল ছিল ১২। তিনি নমুনা ফরম পূরণ করে অপেক্ষার সময় হঠাৎ ৯টা ৪৫ মিনিটের দিকে মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি চেয়ারে বসা অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে তার স্বজনরা লাশ নিয়ে যান।