বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সেবাবান্ধব প্রকল্প নিয়ে তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নিতে হবে। উৎপাদন, সঞ্চালন ও বিতরণব্যবস্থার মাঝে সমন্বয় করে প্রকল্প গ্রহণ করা উচিত। রোডম্যাপ অনুসারে প্রকল্প বাস্তবায়নে তদারকি বাড়ানোর নির্দেশ দেন নসরুল হামিদ।
গতকাল বুধবার ‘বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পসমূহের জুলাই ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা’ অনলাইন সভায় নসরুল হামিদ এসব কথা বলেন। নসরুল হামিদ বলেন, পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সন্তোষজনক। প্রতি বছর মে মাসেই যেন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয় এই রোডম্যাপ বাস্তবায়ন করতে প্রকল্পসংশ্লিষ্টদের আন্তরিক হয়ে কাজ করতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে আরএডিপি বরাদ্দের শতভাগ বাস্তবায়নের জন্য সংস্থা প্রধানসহ সব প্রকল্প পরিচালককে জোর চেষ্টা চালাতে হবে।