দীর্ঘ প্রতীক্ষার পর করোনা পরীক্ষায় পাবনায় আরটিপিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বুলবুল হাসান জানান, সম্প্রতি পাবনাসহ দেশের ২০টি মেডিকেল কলেজের জন্য অত্যাধুনিক পিসিআর মেশিন বরাদ্দ দেয় সরকার। কিন্তু আনুষঙ্গিক যন্ত্রপাতি ও লোকবল নিয়োগে বরাদ্দ না থাকায় এসব ল্যাব চালু করা সম্ভব হয়নি। তবে পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এ সংকট দূর করতে এগিয়ে আসায় আমরা সরকারি বরাদ্দ প্রাপ্তি আগেই ল্যাব চালু করতে পেরেছি। পিসিআর ল্যাবের উদ্বোধন শেষে গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, ‘বারবার চেষ্টা করেও আমরা নানা জটিলতায় পাবনায় করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করতে পারছিলাম না। প্রধানমন্ত্রীর সহযোগিতায় অবশেষে তা শুরু হওয়ায় আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং পাবনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’