ফেলপসের রেকর্ড ভাঙল মিলাক

২০০৮ বেইজিং অলিম্পিকে ২০০ মিটার বাটারফ্লাই সাঁতারে রেকর্ড গড়েছিলেন মাইকেল ফেলপস। ১ মিনিট ৫২.০৪ সেকেন্ডে শেষ করা সেই অলিম্পিক রেকর্ডটি মনে হচ্ছিল অটুটই থাকবে। কিন্তু না, ১৩ বছর পর সেই রেকর্ড ভাঙল টোকিওতে। হাঙ্গেরিয়ান সাঁতারু ক্রিস্টোফ মিলাক ১ মিনিট ৫১.২৫ সেকেন্ডে ইভেন্ট শেষ করে নতুন অলিম্পিক রেকর্ড গড়লেন। তবুও বিরক্ত মিলাক, কারণ প্রতিযোগিতা সাঁতার শুরুর ১০ মিনিট আগে ফোকাস নষ্ট না হলে আরও কম সময়ে শেষ করতে পারতেন তিনি। তাতে নতুন রেকর্ডও আরও মজবুত হতো।

২১ বছর বয়সী মিলাকের এটাই প্রথম অলিম্পিক। ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের বিশ্বরেকর্ড কিন্তু তারই। ২০১৯ সালের ফিনা বিশ্বচ্যাম্পিয়নশিপে এই ইভেন্ট শেষ করেছিলেন ১ মিনিট ৫০.৭৩ সেকেন্ডে। নিজের সেই রেকর্ড ভাঙার লক্ষ্য ছিল মিলাকের। কিন্তু ফোকাস নড়ে যাওয়ায় তা হলো না। বুধবার রেস শুরুর ১০ মিনিট আগে দেখতে পান তার সুইম স্যুটে ফুটো রয়েছে। যার জন্য ডিসকোয়ালিফাই হতে পারতেন মিলাক। দ্রুত এই স্যুট বদলাতে হয়েছে ড্রেসিং রুমে গিয়ে। ‘আমার লক্ষ্য ছিল নিজের টাইমিং আরও ভালো করা। তার মানেই তো রেকর্ড। আমি আরও কম সময়ে ইভেন্ট শেষ করতে পারতাম, কিন্তু ওই ছোট দুর্ঘটনা ফোকাসটা নষ্ট করে দেয়।’