কক্সবাজারে ঢলের তোড়ে সড়কে ধস যোগাযোগ বিচ্ছিন্ন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সঙ্গে রামু উপজেলার ঈদগড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলের তোড়ে ওই সড়কের একাংশ ধসে যাওয়ায় এই দুই এলাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের ঈদগড় ইউনিয়নের পানের ছড়া পয়েন্টে প্রায় দেড়শ ফুট সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা জানান, দুদিন ধরে ভারী বৃষ্টিতে রামুর বেশিরভাগ এলাকায় বন্যা দেখা দিয়েছে। ফলে পাহাড়ি ঢলে ঈদগাঁও উপজেলা ও ঈদগাঁও বাজারের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।