টোকিও অলিম্পিকের আর্চারিতে বাংলাদেশের আশার প্রদীপ হয়ে ছিলেন রোমান সানা। কিন্তু পুরুষ রিকার্ভ এককের শেষ ষোলোয় যাওয়ার পথে তাকে বিদায় নিতে হয়।
সানার বিদায়ের পর দিয়া সিদ্দিকীর দিকে তাকিয়ে ছিলেন সবাই। কিন্তু হাড্ডাহাড্ডি করেও পারলেন না তিনি।
বৃহস্পতিবার রিকার্ভ নারী এককের এলিমিনেশন রাউন্ডে বেলারুশের জিওমিনসকায়া কারইয়ানার বিপক্ষে শুট অফে ৬-৫ সেট পয়েন্টে হেরে বিদায় নিলেন দিয়া।
প্রথম সেট ২৩-২২ পয়েন্টে জিত শুরুটা দুর্দান্ত করেন বাংলাদেশের এই নারী তিরন্দাজ। তবে পরের দুই সেটে সমান স্কোর হলে জমে ওঠে লড়াই।
চতুর্থ সেটে ২৫-২৭ ব্যবধানে হেরে যাওয়ায় দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়ে দিয়ার। তবে শেষ রাউন্ড ২৭-২৫ পয়েন্টে জিতে ফের ফিরে আসেন প্রতিদ্বন্দ্বিতায়। দুজনের নির্ধারিত প্রথম ৫ সেট শেষ হয় ৫-৫ পয়েন্টে।
কিন্তু শুট অফে হেরে যান দিয়া। প্রতিপক্ষ ১০ স্কোর করলেও দিয়া করেন ৯।