ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে রাজনৈতিক সমাধান আহ্বান জাতিসংঘের

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত অবসানে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

নিরাপত্তা পরিষদকে ব্রিফ করতে গিয়ে ফিলিস্তিনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লিন হাস্টিং এ আহ্বান জানান।

মে মাসে ইসরায়েল-ফিলিস্তিনের ১১ দিনের সংঘাত পরবর্তী পরিস্থিতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ব্রিফ করছিলেন তিনি।

লিন হাস্টিং বলেন, গাজার অবস্থার উন্নতিতে জরুরি প্রচেষ্টা অবশ্যই দ্রুত এগিয়ে নিতে হবে। কিন্তু একইসঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে আমাদের বৃহত্তর লক্ষ্যে ছাড় দেওয়া যাবে না।

তিনি বলেন, এ জন্য আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক চুক্তি এবং জাতিসংঘ প্রস্তাবের ভিত্তিতে দুই রাষ্ট্র নীতি সমাধানের পথে এগিয়ে যেতে হবে।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, স্বল্পসময়ে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দেওয়া গেলেও গাজার স্থিতিশীল ভবিষ্যতের জন্য রাজনৈতিক সমাধান প্রয়োজন।

জেরুজালেম থেকে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে তিনি আরও বলেন, গাজায় ‘বৈধ ফিলিস্তিন সরকার’ ফিরে আসার প্রয়োজনীয়তা আমি আবারও পুনর্ব্যক্ত করছি।

একইসঙ্গে লিন হাস্টিং জাতিসংঘের যে সংস্থাটি আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে তার পরিস্থিতিও তুলে ধরেন। তিনি বলেন, ইউএনআরডিব্লউএ ফিলিস্তিনি জনগণকে সহায়তা দিচ্ছে। কিন্তু সংস্থাটির প্রয়োজনীয় অর্থের চেয়ে ১০ কোটি ডলার ঘাটতি রয়েছে।