বরিশালে জমির বিরোধে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

বিরোধপূর্ণ জমিতে ধান চাষকে কেন্দ্র করে বরিশালের উজিরপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় কুপিয়ে এবং পিটিয়ে আহত করা হয়েছে আরও চারজনকে।

বৃহস্পতিবার সকাল ৮টায় বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধার নাম দেলোয়ার হোসেন তালুকদার (৭০)। তিনি উপজেলার আটিপাড়া গ্রামের মৃত হাশেম তালুকদারের ছেলে।

খবর পেয়ে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ রেঞ্জ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

নিহতের মামাতো ভাই শফিকুল ইসলাম বলেন, ‘প্রতিবেশী আজগর ও জলিল সিপাহীদের সাথে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।

বিরোধপূর্ণ ওই জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে নতুন করে বিরোধে জড়ায় দুই পরিবার। এর জের ধরে আজগর ও জলিল সিপাহীসহ তাদের পরিবারের ৮-১০ জন মিলে দেলোয়ার হোসেন তালুকদার ও তার পরিবারের লোকেদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।

এ সময় দেলোয়ার হোসেনসহ পাঁচজনকে তারা এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহাবুবর রহমান বলেন, ‘মারামারির ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে সকাল ১১টা ৫০ মিনিটে শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। যিনি মারা গেছেন তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখম রয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্ত করে জানা যাবে।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আরশাদ জানান, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযুক্তরা ঘটনার পর পরই এলাকা ছেড়ে পালিয়েছে।

তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে থানা পুলিশের একটি টিম গঠন করে দেয়া হয়েছে। এরই মধ্যে তারা অভিযুক্তদের গ্রেপ্তারে নেমে পড়েছে। আশা করছি খুব শিগগিরই অভিযুক্তরা গ্রেপ্তার হবে।