পেরুর প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির বামপন্থি নেতা পেদ্রো কাস্তিলিও। উত্তেজনাপূর্ণ দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়া শেষে বিজয়ী নেতা হিসেবে গত বুধবার তিনি শপথ নেন বলে খবর দিয়েছে রয়টার্স।
শপথ নেওয়ার পর পেদ্রো পেরুর জনগণের উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, পেরুতে এখনো ঔপনিবেশিক ক্ষত গভীরভাবে রয়ে গেছে। এ ক্ষত সারিয়ে তুলতে কাজ করব। পেরুতে অর্থনৈতিক স্থিতিশীলতা আনার ব্যাপারে অঙ্গীকার করেন পেদ্রো।
পেদ্রো এমন একদিন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন, যেদিন স্পেনের কাছ থেকে স্বাধীনতার ঘোষণার ২০০তম বার্ষিকী পালন করছে পেরু। পেদ্রো বলেন, ঔপনিবেশিক আমলে তাদের পূর্বসূরিদের শোষণ করা হয়েছে। ঔপনিবেশিক যুগে পেরুতে শ্রেণি ও বর্ণের ভেদাভেদ তৈরি করা হয়েছে। সেই ভেদাভেদ এখনো গভীরভাবে রয়ে গেছে।
৫১ বছর বয়সী পেদ্রো দরিদ্র কৃষকের সন্তান। পেরুর গ্রামীণ দরিদ্র ভোটারদের সমর্থনেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ভাষণে তিনি বলেন, ‘এই প্রথম এ দেশ একজন কৃষক দ্বারা পরিচালিত হবে।’ বামপন্থি পেদ্রো স্কুলশিক্ষক ছিলেন। সেখান থেকে তিনি প্রেসিডেন্ট হলেন। তার বিজয় দেশটির রাজনৈতিক ও ব্যবসায়িক এলিটদের বড় ধরনের ধাক্কা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।