নারীর সফলতা উদযাপনে ‘ওয়াও ভার্চুয়াল বাংলাদেশ ২০২১’ শিরোনামে দুই দিনব্যাপী অনলাইন উৎসব শুরু হলো। বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইনে এ উৎসব আয়োজিত হচ্ছে। ব্রিটিশ কাউন্সিল, সিসিডি বাংলাদেশ এবং মঙ্গল দ্বীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রথমবারের মতো অনলাইনে এ উৎসব শুরু হয়। দুদিনব্যাপী এ আয়োজন প্রতিদিন রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ওয়াও’ মূলত নারী ও মেয়েদের একটি উৎসব। যেখানে তারা তাদের এগিয়ে যাওয়ার সাহসী গল্প এবং বিনোদনমূলক বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে থাকেন। সমাজের সংখ্যালঘু বা মূলধারার অন্তর্গত নয়, এমন নারীদের সাফল্যের পাল্টা গল্প বা উপাখ্যান এখানে প্রদর্শিত হয়।
উল্লেখ্য, জুড কেলি সিবিই ‘ওয়াও’ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। যার মূল উদ্দেশ্য হলো ওয়াও-উইমেন অব দ্য ওয়ার্ল্ড উৎসবের মধ্যে দিয়ে বিশ্বব্যাপী আন্দোলন সৃষ্টি করা। ২০১০ সালে কেলি এই উৎসব শুরু করেন। ওয়াও এখন পর্যন্ত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, মিসর, ফিনল্যান্ড, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সোমালিল্যান্ড, যুক্তরাজ্য এবং আমেরিকাসহ ছয়টি মহাদেশের ১৭টি দেশে ২ মিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। বিজ্ঞপ্তি।