ববিতার মতো গুণীদের আমরা পরবর্তীতে আর ব্যবহারই করতে পারলাম না: শাকিব খান

নন্দিত অভিনেত্রী ববিতার আজ জন্মদিন। গুণী এই অভিনেত্রীর জন্মদিনের প্রথম প্রহরে তাকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। শাকিব খানের লেখাটি পাঠকদের জন্য তুলে ধরা হলো।

‘‘যে কোনো পেশাতেই চড়াই উতরাই থাকে। কিন্তু পরামর্শ দেয়ার সঠিক মানুষটি পেলে চড়াই উতরাই মোকাবিলা করা যে কারও জন্য সহজ হয়ে যায়। অভিনয় পেশার শুরু থেকে আমি তেমন কিছু গুরুজন পেয়েছি, যারা আমাকে সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পরামর্শ দিয়ে গেছেন। অভিনয় শূন্য থেকে শুরু করেছিলাম; কিন্তু তাদের স্নেহ-মমতা আর আশীর্বাদের শীতল পরশ সঙ্গে ছিল বলেই আমি আজকে সবার কাছে শাকিব খান।

অভিনয়ে আসার পর যে কজন অভিভাবক পেয়েছি, তাদের অন্যতম ববিতা ম্যাডাম। তার মতো এমন অভিজ্ঞ, দক্ষ অভিনয় শিল্পী মাথার উপর ছায়া হয়ে থাকলে সবকিছুই সহজ হয়ে যায়। অনস্ক্রিনে অসংখ্যবার দর্শক তাকে আমার মায়ের ভূমিকায় দেখেছেন, অথচ অফস্ক্রিনেও তিনি আমার কাছে তেমন একজন মমতাময়ী মা।

দেশের সিনেমাপ্রেমী মানুষের কাছে তো বটেই, বিশ্ব সিনেমার ইতিহাসেও যার নাম ডাক। কমার্শিয়াল সিনেমার পাশাপাশি ভিন্নধারার সিনেমাতেও তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত। তার অভিনয় দেখে মুগ্ধ হননি এমন প্রজন্ম খুঁজে পাওয়া যাবে না।

সেই সত্তরের দশকেই ববিতা ম্যাডাম বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরেছেন। বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করেছেন। সেই সময়ে দেশের সব গুণী নির্মাতাদেরও পছন্দের তালিকায় ছিলেন আমাদের ববিতা ম্যাডাম। কাজ করেছেন সত্যজিৎ রায়ের মতো পৃথিবীখ্যাত নির্মাতার সিনেমাতেও।

বহুদিন তিনি সিনেমা থেকে দূরে। তার সাথে আমার প্রায়ই কথা হয়। বর্তমান সিনেমার খোঁজ খবর নেন। আগের মতোই মমতাময়ী মায়ের কণ্ঠে সঠিক দিকনির্দেশনা দেন। তার মতো গুণী অভিনয়শিল্পীর সাথে কথা বলতে বলতে মাঝেমধ্যে নিজেদের ব্যর্থতার কথাগুলোও স্মরণ করি।

ষাট, সত্তর, আশির দশকে পাশের দেশের সিনেমার অভিনেতা অভিনেত্রীদের ঘিরে কতো কতো সিনেমা নির্মিত হচ্ছে; অথচ ববিতা ম্যাডামদের মতো গুণী অভিনয়শিল্পীদের আমরা পরবর্তীতে আর ব্যবহারই করতে পারলাম না! তাদের জন্য জুতসই গল্প-চরিত্র নির্মাণ করতে পারলাম না!

হয়তো এসব আফসোসও একদিন ঘুচবে। অন্তত ববিতা ম্যাডামের জন্মদিনে এমন প্রত্যাশাই জানিয়ে রাখলাম। প্রিয় অভিনেত্রী, মাতৃতুল্য অভিভাবক ববিতা ম্যাডামের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি ... শুভ জন্মদিন ...’’