টালিউডের প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। পশ্চিমবঙ্গের এই সংসদ সদস্য কাজ করতে যাচ্ছেন নতুন সিনেমায়। ছবিটি নির্মাণ করছেন টালিউডের গুণী নির্মাতা মৈনাক ভৌমিক। এই সিনেমার মাধ্যমে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
বর্তমানে লোকসভা অধিবেশন নিয়ে ব্যস্ত মিমি চক্রবর্তী। রয়েছেন দিল্লিতে। এর মাঝেই সুখবর দিয়ে জানালেন, এ সিনেমা পুরোপুরি নারীকেন্দ্রিক। তার মতে, এমন চরিত্রে তাকে আগে কখনোই দেখা যায়নি।
মিমি বলেন, “প্রথমবার মৈনাকের সঙ্গে কাজ করতে আমি দারুণ এক্সাইটেড। ‘ক্রিসক্রস’ সিনেমার চিত্রনাট্য মৈনাকের লেখা; সেই সময় অনেক আলোচনা হয়েছিল। এরপর এই লকডাউনে আমাকে ‘মিনি’র চিত্রনাট্যটা পড়ে শোনায় মৈনাক। এ রকম চরিত্রে আগে আমায় কেউ দেখেনি। আমাদের ইন্ডাস্ট্রিতে এমনিতেই নারীকেন্দ্রিক চরিত্র কম হয়। সে দিক থেকে এই ছবি ব্যতিক্রম।”
কেমন মেয়ে মিনি? জবাবে মিমি বলেন, ‘যে ভীষণ রকম আধুনিক মেয়ে। কিন্তু পরিবারের প্রতি দায়িত্বশীল। যে স্বাধীনচেতা কিন্তু একই সঙ্গে ওর জীবনের বিরাট বড় অংশ ওর পরিবার। সম্পর্কগুলোকে সে আগলে রাখে। কিন্তু কিছু ঘটনা ওর জীবনকে বদলে দেবে।’
সিনেমাটি সম্পর্কে পরিচালক মৈনাক ভৌমিক বলেন, ‘এটা একটা টক-ঝাল-মিষ্টি সম্পর্কের ছবি। যেখানে এক স্বাধীনচেতা মেয়ে দায়িত্ববোধ, মূল্যবোধের কাহিনি ফুটে উঠবে। মিমির সঙ্গে প্রথমবার কাজ করতে মুখিয়ে রয়েছি।‘