আওয়ামী লীগের পদ হারানো ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার রিমান্ড মঞ্জুর করেন। সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, আদালতের কাছে হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন গুলশান থানার ওসি (অপারেশন) কর্মকর্তা শেখ শাহানূর রহমান।
বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। পরে মিরপুরে হেলেনার মালিকানাধীন জয়যাত্রা আইপিটিভির কার্যালয় এবং জয়যাত্রা ফাউন্ডেশন ভবনেও অভিযান চলে।
অভিযানে গুলশানের বাসা এবং মিরপুর থেকে ১৯ বোতল বিদেশি মদ, ১টি ক্যাঙ্গারুর চামড়া, ১টি হরিণের চামড়া, ২টি মোবাইল ফোন, ১৯টি চেক বই ও বিদেশি মুদ্রা, ২টি ওয়াকিটকি, ৪৫৬টি চিপস ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করা হয়।