অতিরিক্তি যাত্রী নিয়ে ছাড়ছে ফেরি, স্বাস্থ্যবিধি নেই

চলমান বিধিনিষেধের অষ্টম দিনে গতকাল শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়। দৌলতদিয়া ঘাটে রাজধানীমুখীসহ অন্যান্য জেলার মানুষের ঢল নামে। বিধিনিষেধ উপেক্ষা করে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উঠে পড়ছে ফেরিগুলোয়।

দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে ছুটছেন নিজ নিজ গন্তব্যে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ফেরি ও ফেরিঘাটে যাত্রীরা মানছেন না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। এতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কার্যালয় (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, যাত্রী পারাপারে আমাদের কোনো বাধা নেই, গোয়ালন্দের বিভিন্ন জায়গায় চেকপোস্ট রয়েছে যাত্রী নিয়ন্ত্রণে। এসব চেকপোস্ট ফাঁকি দিয়ে অনেক যাত্রী ঘাট এলাকায় চলে আসছে। বর্তমানে এই দুই নৌরুটে ৯টি ছোট-বড় ফেরি চলাচল করছে।