করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত ‘কঠোর বিধিনিষেধের’ অষ্টম দিন গতকাল শুক্রবার রাজধানীর অধিকাংশ রাস্তায় গত কয়েক দিনের তুলনায় মানুষ ও যানবাহনের উপস্থিতি কম ছিল। এরপরও বিধিনিষেধ অমান্য করায় ৩৮১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
অকারণে রাস্তায় বের হয়ে বিধিনিষেধ অমান্য করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৮ জনের ৬৭ হাজার ৯৪০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ ৩২১টি গাড়ির বিপরীতে ৮ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে।
গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গ্রেপ্তার ও জরিমানা করা হয় বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার ৫৬৮ জনকে গ্রেপ্তার, ২০৬ জনকে ৩ লাখ ৪০ হাজার ১০০ ও ৪৩১টি গাড়ির বিপরীতে ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে গতকাল সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে রাস্তা মোটামুটি ফাঁকা। রিকশা ও ভ্যান চলতে দেখা গেলেও যাত্রী তেমন নেই। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল আগের দিনের চেয়ে অনেক কম। গলিগুলোতেও মানুষের উপস্থিতি কম ছিল।