নারায়ণগঞ্জের আড়াইহাজারে কবরস্থানে পলিথিন মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোপিন্দী বড় বিনাইরচর কবরস্থানে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয় স্থানীয়রা। পরে বোমা নিষ্ক্রিয় ইউনিটের প্রতিনিধি টিমকে সংবাদ দিয়ে ওই স্থানটিকে ঘিরে রেখেছে থানা পুলিশ।
উজান গোপিন্দী বড় কবরস্থানের খাদেম চান শরীফ বলেন, ‘সকালে কবর পরিষ্কার করতে গিয়ে একটি কবরে একটি রেইনকোটে পলিথিন মোড়ানো বোমাসদৃশ্য বস্তু দেখতে পাই। পরে কমিটির লোকদের মাধ্যমে থানায় পুলিশকে সংবাদ দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে বোমা সন্দেহ ওই স্থানটিকে ঘিরে রাখে।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি কবরস্থানে বোমা পাওয়া গেছে। এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ওই স্থানটি ঘিরে রাখি। বোমা কি না, যাচাই করতে বোমা নিষ্ক্রিয় ইউনিটের টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’