সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইস গেটসংলগ্ন বন্যার পানিতে নৌকা নিয়ে গোসল করতে নেমে ফাহিম হোসেন অনিক (২২) নামে এক শিক্ষার্থী গতকাল শুক্রবার দুপুরে পানিতে ডুবে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। অনিক পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের আকরাম হোসেনের ছেলে ও ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা বিকেল পৌনে ৫টার দিকে বাঘাবাড়ী নৌফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুই ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।