মাগুরা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই শফিকুজ্জামান বাচ্চু।
শফিকুজ্জামান বাচ্চু জানান, সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা জামান গত বৃহস্পতিবার শরীরে জ্বর নিয়ে করোনা পরীক্ষা করালে পজিটিভ আসে। বর্তমানে ঢাকার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তারা। তাদের সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে মাগুরার করোনা রোগী ও করোনায় কর্মহীন মানুষের সহায়তার জন্য গঠিত সাইফুজ্জামান শিখরের হটলাইন টিমের সমন্বয়ক জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান সাইফুজ্জামান শিখরের আশু আরোগ্যের জন্য সবার দোয়া প্রার্থনা করেছেন।