ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

অবৈধ পথে ভারত গিয়ে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী-পুরুষ। গত বৃহস্পতিবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটে বেনাপোল চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় পুলিশ। তাদের তিনজন নারী এবং সাতজন পুরুষ। প্রত্যেকে ভারতে দেড় থেকে তিন বছর সাজাভোগ করেছেন বলে জানিয়েছেন।

দেশে ফেরা ব্যক্তিরা হলেনÑ রোকসানা খাতুন (১৮), মাহমুদা খাতুন (২০), আয়শা খাতুন (২১), গোলাপ মিয়া (৩৫), সাকিব হোসেন (২৭), রাসেল মিয়া (৩০), নাঈম হোসেন (৩০), খোকন মিয়া (২৮), সাগর হোসেন (৩২) ও সাজু মিয়া (৩২)।

তাদের বাড়ি খুলনা, নড়াইল ও নরসিংদী জেলার বিভিন্ন এলাকায়। দুটি এনজিও সংস্থা পুলিশের কাছ থেকে তাদের গ্রহণ করেছে স্বজনদের কাছে ফিরেয়ে দেওয়ার জন্য।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, ভালো কাজের আশায় এসব নারী-পুরুষ অবৈধপথে ভারতের বেঙ্গালুরু যায়। পরে সেখানকার পুলিশের হাতে আটক হয়। এরপর আদালত তাদের সাজা দিয়ে জেলহাজতে পাঠায়। সাজার মেয়াদ শেষে ভারতের বেঙ্গালুরু ‘তালাশ’ নামে একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। সেখানেও দেড় বছর থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফিরেছে।