বিশ্বে একজনের মৃত্যুর জন্য তিনজন আমেরিকান দায়ী

যুক্তরাষ্ট্রের তিনজন নাগরিক জীবদ্দশায় গড়ে যে পরিমাণ কার্বন নিঃসরণে ভূমিকা রাখেন, তা বৈশ্বিক উষ্ণায়ন বাড়িয়ে একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। এছাড়া একটি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে যে পরিমাণ কার্বন নিঃসরণ ঘটে, তার ফলে বৈশ্বিক উষ্ণায়নে ৯ শতাধিক মানুষের মৃত্যু হতে পারে বলে গবেষণার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

গবেষণাপত্রের লেখক কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আর্থ ইনস্টিটিউটের ডেনিয়েল ব্রেসলার বলেন, ‘এখন যে জলবায়ু নীতিমালা রয়েছে, সেটা আরও কঠোর করলে উল্লেখযোগ্যসংখ্যক জীবন বাঁচানো সম্ভব। আমি অবাক হয়েছি, এত বেশি মানুষের মৃত্যু হচ্ছে! এ সংখ্যা নিয়ে কিছুটা সংশয় থাকতে পারে, তার কারণে মৃত্যুর সংখ্যাটা কম হতে পারে, আবার বেশিও হতে পারে।’ এ গবেষণা বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার কমিউনিকেশনসে প্রকাশিত হয়েছে। গবেষণায় দেশে দেশে মানুষ তার জীবনাচরণে কী পরিমাণ কার্বন নিঃসরণে ভূমিকা রাখে, সেটা তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, গড়ে যুক্তরাষ্ট্রের ৩ দশমিক ৫ জন ব্যক্তি তার জীবদ্দশায় যে পরিমাণ কার্বন নিঃসরণে ভূমিকা রাখেন, সেই পরিমাণ কার্বন নিঃসরণ করেন ২৫ জন ব্রাজিলিয়ান বা ১৪৬ জন নাইজেরিয়ান। প্রতি টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি বিশ্লেষণ করে ‘কার্বন নিঃসরণের সামাজিক প্রভাব’ বিষয়ে এ গবেষণা করা হয়েছে।