করোনা মহামারীতে দেশে অক্সিজেন সংকট মোকাবিলায় ভারত থেকে তৃতীয় চালানে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেনবাহী ১০টি কন্টেইনার নিয়ে শুক্রবার রাত ১টা ২০ মিনিটের দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছায় ভারতের ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন।
অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ তৃতীয় ধাপে রেলপথে ভারত থেকে এ পর্যন্ত ৬০০ টন তরল অক্সিজেন আমদানি করলো।
আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনটি সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে পৌঁছার পর পশ্চিমাঞ্চল রেলওয়ে ও সেতু থানা পুলিশের উপস্থিতিতে আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা এই অক্সিজেন গ্রহণ করেন।
এরপর শনিবার সকাল ৭টার দিকে ইন্দো-বাংলা ট্রেনের ট্যাংকার থেকে লিডনে বাংলাদেশের কর্মীরা অক্সিজেন লরিতে অক্সিজেন খালাস কার্যক্রম শুরু করেছেন।
দুপুর নাগাদ ট্রেন থেকে লরিতে তরল অক্সিজেন খালাস হওয়ার পর এ দিন বিকেলের দিকে সড়ক পথে বঙ্গবন্ধু সেতু হয়ে লিনডে বাংলাদেশ কোম্পানির নারায়ণগঞ্জের রূপগঞ্জ ডিপো কারখানায় নিয়ে যাওয়া হবে।
এরপর প্রক্রিয়াজাত শেষে সেখান থেকে চাহিদা অনুযায়ী এ অক্সিজেন দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. মোসাদ্দেক হোসেন বলেন, এর আগে গত ৫ জুলাই প্রথম ও ২৮ জুলাই দ্বিতীয় দফায় ভারতীয় রেলওয়ের ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন ১০টি কন্টেননারে ৪০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধ সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।
এরপর এখান থেকে এ অক্সিজেন আনলোড করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের লিনডে বাংলাদেশের অক্সিজেন ডিপোতে নিয়ে যাওয়া হয়। একইভাবে তৃতীয় চালানের অক্সিজেনও রূপগঞ্জে নেওয়া হবে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, তৃতীয়বারের মতো অক্সিজেনবাহী ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন রাত ১টা ২০ মিনিটের দিকে এসে পৌঁছায়। বিকেলে খালাস শেষে ট্রেনটি আবার ভারতে ফেরত যাবে।