সাভারে ট্রাকচাপায় যুবকের মৃত্যু, কারখানা থেকে শ্রমিক লাশ উদ্ধার

সাভারে পৃথক স্থান থেকে একজন মোটরসাইকেল চালক ও এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আমিনবাজার সাহেলপুর ও পৌর এলাকার উলাইল কর্ণপাড়া মহল্লা  থেকে মৃতদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার সকালে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রীজের পূর্বপাশে দ্রুতগতির একটি ট্রাক এক মোটরসাইকেল চালককে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক ইমরান হোসেন (৩৫)।

ট্রাকটি অটক করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

অন্যদিকে সাভার পৌর এলাকার উলাইল কর্ণপাড়া মহল্লার একটি কয়েল ফ্যাক্টরির ভিতর থেকে রবিন মোল্ল্যা (২৪) নামের এক যুককের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে জারা কেমিকেল ওয়ার্কস এন্ড ইলেকট্রনিক্স কারখানার ভেতর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত রবিন মোল্ল্যা ফরিদপুর জেলার বোয়ালমারী থানার কলারং গ্রামের মটুম মোল্ল্যার ছেলে। তিনি জারা কেমিকেল ওয়ার্কস এন্ড ইলেকট্রনিক্স কারখানায় কাটিং ম্যান হিসেবে কাজ করতেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আল আমিন বলেন, সকালে একটি কারখানার ভিতরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় রবিন মোল্ল্যার লাশ উদ্ধার করা করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।