রেকর্ড ভেঙে দ্রুততম মানবী টম্পসন-হেরাহ

টোকিও অলিম্পিকে দ্রুততম মানবীর মুকুট পরলেন জ্যামাইকার টম্পসন-হেরাহ এলাইন। স্বদেশি শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসকে পেছনে ফেলে স্বর্ণ জিতলেন তিনি। এই ইভেন্টে ব্রোঞ্জ পদকও গেছে জ্যামাইকার ঘরে। শেরিকা জ্যাকসন হয়েছেন তৃতীয়।

অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টের একটি মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট। শনিবার টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে এই ইভেন্টে ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবীর মুকুট ধরে রাখেন টম্পসন।

টম্পসনের টাইমিং মেয়েদের ১০০ মিটারের ইতিহাসে দ্বিতীয় সেরা। ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে অলিম্পিক ট্রায়ালে ১০ দশমিক ৪৯ সেকেন্ড নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন গ্রিফিত। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের এই সাবেক তারকার চেয়ে মাত্র দশমিক ১২ সেকেন্ড বেশি সময় নিয়ে টোকিওতে দৌড় শেষ করেছেন ২৯ বছর বয়সী টম্পসন।

বেইজিং ও লন্ডন অলিম্পিকসে দ্রুততম মানবীর মুকুট জেতা ফ্রেজার-প্রাইস ১০ দশমিক ৭৪ সেকেন্ড টাইমিং করে রুপা পেয়েছেন। ১০ দশমিক ৭৬ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন শেরিকা জ্যাকসন।