বাংলাদেশে প্রায় দুই মাস বিরতির পর আবারো করোনাভাইরাস প্রতিরোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে সোমবার থেকে।
বাংলাদেশে ১৫ লাখ ২১ হাজারের বেশি মানুষ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকদের একজন ডা. মো. শামসুল হক সাপ্তাহিক স্বাস্থ্য বুলেটিনে জানিয়েছেন কাল অগাস্টের দুই তারিখ থেকে শুরুতে ঢাকা শহর এবং ঢাকা বিভাগের সকল জেলায় দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে।
অগাস্টের সাত তারিখ থেকে সারা দেশে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে বলে তিনি জানান।
যারা সেই তালিকায় রয়েছেন তাদের প্রথম ডোজ যে কেন্দ্র থেকে নিয়েছেন সেখানে গিয়েই দ্বিতীয় ডোজ নিতে হবে।
যারা দ্বিতীয় ডোজ নেবার জন্য এসএমএস পেয়েছেন তাদের নতুন করে মেসেজের জন্য অপেক্ষা করতে হবে না। আগের বার্তাটি দেখিয়েই তারা দ্বিতীয় ডোজ নিতে পারবেন। সাথে করে প্রথম ডোজ নেবার জন্য যে কার্ডটি ছিল সেটি নিয়ে যেতে হবে। যারা দ্বিতীয় ডোজ নেবেন তাদের জন্য কেন্দ্রে আলাদা এলাকা চিহ্নিত থাকবে।
দ্বিতীয় ডোজ হিসেবে অন্য কোন টিকা না নেবার ব্যাপারে সতর্ক করে দেন সামসুল হক।
টিকা কর্মসূচীর শুরুতে বাংলাদেশে ৮ সপ্তাহ বিরতিতে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় যে এটি ১২ সপ্তাহের বিরতিতেও নিলে কার্যকর হবে। তবে টিকার ডোজ কমে আসার পর বাংলাদেশে এক পর্যায়ে ১৬ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেবার বিষয়ে চিন্তা করা হয়। তবে ১৬ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নিলে এর কার্যকারিতা কতটা হবে, সে ব্যাপারে তেমন কোন তথ্য দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।