আজ বন্ধু দিবস উপলক্ষে বেশ কজন তারকা চিঠি লিখলেন তার বন্ধুদের। তাদের এই চিঠি আপলোড করেছেন তাদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল, পেজ এবং ইনস্টাগ্রামে।
এই তারকারা হলেন, অভিনেতা চলচ্চিত্র অভিনেতা বাপ্পী চৌধুরী, নিরব, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, মৌটুসী বিশ্বাস, অভিনেতা মনোজ প্রামাণিক ও মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তারা ছাড়াও লেখক আনিসুল হক এবং সাদাত হোসাইন অংশ নেন এই চিঠি লেখার আয়োজনে।
মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা স্বনামধন্য প্রতিষ্ঠান মনের বন্ধুর উদ্যোগে তারা বন্ধুদের উদ্দেশ্যে এই চিঠি লেখেন। পাশাপাশি তার ভক্ত ও ফলোয়ারদের অনুরোধ করেন, করোনা মহামারি এই সময়ে সবাই যেন মানসিক স্বাস্থ্যর দিকে বিশেষ নজর দেয়। যেকোনো সমস্যা বা সংকটে যেন একে অপরের পাশে থাকেন।
তারকারা চিঠিতে তুলে ধরেছেন বন্ধুকে না বলা অনেক কথা। #LetterToThatFriend #MonerBondhu #মনেরবন্ধু হ্যাশ ট্যাগ ব্যবহার করে তারকা নিজে চিঠি লেখার পাশাপাশি ভক্তদেরও অনুরোধ করেছে বন্ধু দিবসে চিঠি লেখার জন্য ।
তারা ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘কথা বলো, সাহায্য নাও’—বলা হয় যে কোনো রোগের মহামারির সঙ্গে পায়ে-পায়ে আরও একটা মহামারি এগিয়ে আসে, তা হলো মানসিক স্বাস্থ্য সমস্যার মহামারি। বহু মানুষ বিষণ্নতায় ভোগে। তাই আমার এই চিঠি সেই বন্ধুদের জন্য, যারা হতাশায় ভুগছে, বেঁচে থাকার স্পৃহা হারিয়ে ফেলেছে। সময়টা এমন, সবাই সবার পাশে থাকা খুব জরুরি। চাইলে সেই সব বন্ধুদের উদ্দেশ্যে আজ বন্ধু দিবসে চিঠি লিখতে পারেন আপনিও।
মনের বন্ধুর এই উদ্যোগ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও তৌহিদা শিরোপা বলেন, ‘মনের বন্ধু সবার প্রকৃত বন্ধু। করোনাকালীন সময়ে শুধু নয়, সব সময় মনের বন্ধু আমাদের মনের সংকট সমাধানে, মানসিক স্বাস্থ্য বিষয়ে সেবা প্রদান ও সচেতনতা তৈরি করছে। আমাদের লেখক, সাহিত্যিক, অভিনয়শিল্পী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারেরা মানুষের কাছে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বোঝাতে এক হয়ে কাজ করেছেন আমাদের সাথে। মনের বন্ধুর মনোবিদেরাও এই বন্ধু দিবসের চিঠি লেখার ক্যাম্পেইনে নিজেদের বন্ধুকে লিখেছেন। এই সময় এ ধরনের সম্মিলিত উদ্যোগই পারে বন্ধুদের জীবনের হতাশা ও বিষণ্নতাকে দূর করে ইতিবাচকতা আনতে।’
উল্লেখ্য, প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববার পালিত হয় ফ্রেন্ডশিপ ডে বা বন্ধু দিবস। আজ ১ আগস্ট ছিল সেই দিন। করোনার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে এই দিবস।