চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদক নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় জিয়াউর রহমান জিয়ারুল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী গাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জিয়ারুল গাইপাড়ার জঙ্গলপাড়া গ্রামের আবদুল গফুরের ছেলে। এ ঘটনায় তার ছোট ভাই ওবায়দুর রহমান টুকু (৫০) গুরুতর আহত হয়েছেন।
নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানায়, আড়াই মাস আগে উপজেলার পাকা ইউনিয়নে ইয়াবার একটি চালান জব্দ করে বিজিবি। এ নিয়ে মফিজুল-কোরাইসী এবং জিয়ারুলের অনুসারীদের মধ্যে বিরোধ ও সংঘর্ষ হয়।
এরই জের ধরে শনিবার রাত ৮টার দিকে মফিজুল-কোরাইসীর লোকজন জিয়ারুলের ভাই আবদুল খালেককে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপ জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষ ককটেলের বিস্ফোরণ ঘটায়।
দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজিব রাজু জানান, প্রতিপক্ষের ককটেলের আঘাতে জিয়ারুল ও তার ভাই ওবায়দুর রহমান টুকু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নৌকাযোগে হাসপাতালে নেওয়ার জন্য পদ্মা নদী পাড়ি দেওয়ার সময় জিয়ারুলের মৃত্যু হয়। টুকু বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, মাদক নিয়ে সংঘর্ষ ও বোমাবাজির মধ্যে জিয়ারুলের মৃত্যু হয়েছে। দুই গ্রুপের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।