ভারত থেকে আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন দেশে

বেনাপোল স্থলবন্দর দিয়ে চতুর্থ দিনের মতো ভারত থেকে ট্রেনে করে এলো আরও ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে অক্সিজেনবাহী ট্রেনটি বেনাপোল এসে পৌঁছায়। এর আগে ২০০ মেট্রিক টন করে ২৪, ২৮  ও ৩০ জুলাই ৬০০ মেট্রিক টন করে অক্সিজেন নিয়ে আরও তিনটি ট্রেন আসে। এ নিয়ে ট্রেনে করে চার দিনে ভারত থেকে ৮০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বাংলাদেশে এসেছে।

ভারতীয় সময় গতকাল সকাল সাড়ে ৭টায় ১০টি কনটেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ মেট্রিক টন অক্সিজেনবাহী চতুর্থ ট্রেনটি দেশটির টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। দুপুরে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছায়। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় বিকেল সাড়ে ৩টার দিকে। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এ পথ দিয়ে ভারতে ফিরে যাবে।

জানা গেছে, অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো লিন্ডে ইন্ডিয়া। এই অক্সিজেনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, চতুর্থ চালানে ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ দুপুরে বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে।