রাজধানীতে গতকাল রবিবার দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বিকেলে ফকিরাপুলে একটি আবাসিক হোটেল থেকে সালমা (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রাত ৯টার দিকে কদমতলীতে একটি বাসায় তাসমিন (১৬) নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সৈয়দ আলী জানান, রবিবার বিকেলে আবাসিক হোটেলের ৬০৪ নম্বর রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। রুমের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ছিল সে। তবে রুমের দরজাটি আমরা গিয়ে খোলা পেয়েছি।
কদমতলীর ঘটনায় তাসমিনের বাবা তুষার শেখ জানান, রাত সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনকে কেন্দ্র করে মেয়ের সঙ্গে মনোমালিন্য হয় তার। পরে মেয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। তাসমিন শনির আখড়ায় বর্ণমালা স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ।