অবশেষে পর্নো ভিডিও তৈরি ও সেগুলো ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার স্বামী রাজ কুন্দ্রার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিলেন শিল্পা শেঠি।
সোমবার ভারতের গণমাধ্যম ফিল্মফেয়ার এ তথ্য জানিয়েছে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, আজ দুপুরে সামাজিক মাধ্যমে দীর্ঘ বিবৃতি দিয়েছেন অভিনেত্রী শিল্পা শেঠি।
তিনি লিখেছেন, “গত কয়েক দিন ধরে আমি কঠিন সময় পার করছি। অনেক কটাক্ষেরও শিকার হয়েছি। যেহেতু মামলার তদন্ত চলছে, মুম্বাই পুলিশ ও ভারতের বিচারব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।”
সেই সঙ্গে শিল্পা সবার প্রতি অনুরোধ করেন, যেন তার পরিবারকে সবাই সম্মান করেন এবং 'মিডিয়া ট্রায়াল' না করেন। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার আহ্বানও জানিয়েছেন এই অভিনেত্রী।
গত ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ শিল্পার স্বামী রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করে। এক বিবৃতিতে মুম্বাই পুলিশ জানায়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সাইবার অপরাধ দমন শাখায় পর্নো ভিডিও তৈরি ও কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে।