আজ থেকে ২৫ বছর আগে ইসরায়েলের জাতীয় সংগীতের সুর চুরি করে গান বেঁধেছিলেন বলিউডের আনু মালিক। আর তা জানা গেল এবারের টোকিও অলিম্পিকে শৈল্পিক জিমন্যাস্টিক বিভাগে সোনা জেতার পর যখন ইসরায়েলের জাতীয় সংগীত ‘হাতিকভাহ’ বেজে ওঠে তখন।
২৫ বছর আগের আনু মালিকের সুর করা হিন্দি সিনেমা ‘দিলজালে’র ‘মেরা মুলক মেরা দেশ’ গানটির সঙ্গে ইসরায়েলের জাতীয় সংগীতের সুরের মিল পেলেন ভারতীয় দর্শকেরা! তবে শুধু এবারই নয় এমনিতে আনু মালিকের বিরুদ্ধে সুর নকলের অভিযোগ আগেও উঠেছিল। তাই বলে একটি দেশের আস্ত জাতীয় সংগীত কপি করে দেওয়াটা একটু বাড়াবাড়ি বটে। কপি করা সুরে হিন্দি গানটাও আবার দেশাত্মবোধক। কিন্তু মজার ব্যাপার হলো, এত দিন এটি কেউ ধরতেই পারেনি। অলিম্পিকে ‘হাতিকভাহ’ বেজে ওঠার পর পরই ঝড় ওঠে নেটপাড়ায়। একের পর এক আসতে থাকে ট্রলের ঢেউ।
ট্রলকারীদের মধ্যেও দেখা গেছে দারুণ সৃজনশীলতাও। একজন লিখেছেন, ‘শুধু গানের সুর কপি করাটাই বড় কথা নয়। এ নিয়ে বিস্তর গবেষণাও করতে হয়েছে। কোনও দেশের পক্ষে সহসা অলিম্পিকে সোনা জেতা সম্ভব নয় এটা বের করা চাট্টিখানি কথা নয়।’ (কারণ স্বর্ণ জিতলেই তো জাতীয় সংগীত বেজে উঠবে!) আরেকজন লিখেছেন, ‘আনু মালিক নিঃসন্দেহে সাহসী মানুষ। তা না হলে কেউ ইসরায়েলের জাতীয় সংগীত কপি করে!’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া