পরিবহন সংকটে কর্মস্থলে যেতে শ্রমিকদের ভোগান্তি ও ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিল্পকারখানার শ্রমিকরা।
গতকাল সোমবার শ্রীপুর পৌর এলাকায় ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তারা এ বিক্ষোভ করেন। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে দুই কিলোমিটারের বেশি দীর্ঘজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
স্থানীয় এসকিউ সেলসিয়াস কারখানার শ্রমিক আব্দুর রহমান বলেন, ‘গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে কারখানা পর্যন্ত দূরত্ব পথের অটোরিকশার ভাড়া মাত্র ২০ টাকা। সেই ভাড়া ৫০ টাকা দিয়ে গাড়ি পাওয়া যাচ্ছে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে স্বল্প ভাড়ায় অটোরিকশা না পেয়ে হেঁটেই কারখানার উদ্দেশে রওনা হয়েছি। এসে দেখি অনেকের একই অবস্থা। তাই সবাই পরিবহন ভোগান্তি ও ভাড়া কমানোর দাবিতে একত্র হয়েছি।’
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সকাল ৯টার দিকে তাদের মহাসড়ক থেকে সরিরে দেওয়া হয়।