অন্তঃসত্ত্বা নারীদের করোনাভাইরাসরোধী টিকা দেওয়ার বিষয়ে সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানতে চায় উচ্চ আদালত। এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে সরকারের সিদ্ধান্ত জানতে চেয়েছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে এ মৌখিক আদেশ দেয় আদালত।
ভার্চুয়ালি আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সমরেন্দ্র নাথ বিশ্বাস ও বিপুল বাগমার। ডিএজি সমরেন্দ্র নাথ বিশ্বাস দেশ রূপান্তরকে বলেন, ‘সরকার যে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং কাজ করছে সেটি আদালত নিজেও অবহিত। এখন এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত কী সেটি ৭২ ঘণ্টার মধ্যে জানতে চেয়েছে হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেলকে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আদালতকে জানাতে বলা হয়েছে।’
রিট আবেদনকারী হুমায়ুন কবির পল্লব বলেন, ‘আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। আদালত মনে করে এ বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে সরকারের সুনির্দিষ্ট ঘোষণা বা বক্তব্য আসা উচিত।’