কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন কিশোরগঞ্জের ভৈরবের ব্যবসায়ীরা। ঈদের পর ১১-১২ দিন চলে গেলেও এখনো কেনা চামড়া বিক্রি করতে পারছেন না।
ট্যানারির মালিকদের পক্ষ থেকে কেনার সাড়া না পাওয়ায় পশুর চামড়া নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। যতো বেশি দিন তাদের কাছে চামড়া থাকবে, নষ্ট হওয়ার আশঙ্কাও তত বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ভৈরবের চামড়া ব্যবসায়ী মো. সজল মিয়া জানান, তিনি এবার ৯ হাজার পিস গরু/মহিষের চামড়া কিনেছেন। প্রসেসিং করে স্তূপাকারে রেখেছেন। যার মূল্য ৬০-৭০ লাখ টাকা। প্রতি বছর যেসব ট্যানারিতে চামড়া বিক্রি করে থাকেন, তাদের কাছ থেকে এখনো অফার পাননি তিনি। এই চামড়া কোনো কারণে নষ্ট হলে তিনি পথে বসবেন।