বাউফলে করোনা আক্রান্ত তরুণী গৃহবধূর মৃত্যু

পটুয়াখালীর বাউফলে করোনায় আক্রান্ত হয়ে এক তরুণী গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম নার্গিস আক্তার (৩০)। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। নার্গিস নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের মো. ফোরকান হাওলাদারের স্ত্রী। এ নিয়ে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট চারজনের মৃত্যু হলো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামীমা আক্তার হীরা বলেন, রোগীকে একদম মুমূর্ষু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। রোগীর অক্সিজেনের মাত্রা (৩৭) নিচে নেমে গিয়েছিল। ফলে প্রচন্ড শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। পরে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই মারা যান নার্গিস আক্তার।