সরকারি কর্মচারী, শিক্ষক এবং স্বাস্থ্যকর্মীদের করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে হংকং। হয় এসব পেশার লোকজনকে টিকা নিতে হবে নয়তো প্রতিনিয়ত অর্থ খরচ করে করোনার পরীক্ষা করাতে হবে। গতকাল সোমবার স্থানীয় সরকারের পক্ষ থেকে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বের অনেক দেশই যেখানে টিকা সরবরাহে হিমশিম খাচ্ছে সেখানে হংকং ইতিমধ্যেই প্রয়োজন অনুসারে টিকার ডোজ সংগ্রহ করতে সক্ষম হয়েছে। কিন্তু লোকজনের মধ্যে এখনো টিকা নেওয়ার বিষয়ে সেভাবে আগ্রহ দেখা যাচ্ছে না।
৬ মাস আগে দেশটিতে টিকার কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত দেশটির ৭৫ লাখ মানুষের মধ্যে মাত্র ৩৬ শতাংশ মানুষ টিকার দুই ডোজ গ্রহণ করেছেন। অপরদিকে টিকার একটি ডোজ নিয়েছেন ৪৮ শতাংশ মানুষ।
গত ১৮ মাস ধরে হংকংয়ের নাগরিক নন এমন লোকজনের জন্য প্রায় সবকিছুই বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া হংকংয়ে পা রাখার পর প্রত্যেককে দীর্ঘ সময়ের জন্য নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।
গতকাল সোমবার হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম এক ঘোষণায় জানান, চারটি গুরুত্বপূর্ণ সেক্টর সরকারি কর্মচারী, স্বাস্থ্যকর্মী, কেয়ার হোমের স্টাফ এবং স্কুলের শিক্ষকদের জন্য টিকা বাধ্যতামূলক করা হয়েছে।