পঞ্চম শ্রেণি : ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম অধ্যায় : আকাইদ (বিশ্বাস)

যোগ্যতাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন-১. আমাদের দীনের নাম কী? দীন আমাদের কী শিক্ষা দেয়?

উত্তর : আমাদের দীনের নাম হলো ইসলাম। দীন আমাদের সঠিকভাবে জীবন পরিচালনা এবং সমস্যা সমাধান করার জন্য শিক্ষা দেয়।

প্রশ্ন-২. আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করব এবং কেন করব?

উত্তর : আমরা আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন বলে আলাহর শোকর আদায় করব। কারণ আল্লাহই আমাদের পালনকর্তা। তিনি আমাদের সবকিছুর ব্যবস্থা করে দেন।

প্রশ্ন-৩. নবি-রাসুল কারা?

উত্তর : যিনি আল্লাহর বাণী তার বান্দাদের কাছে নিয়ে পৌঁছান এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের সৎপথে পরিচালিত করেন তাকে নবি বা রাসুল বলা হয়।

প্রশ্ন-৪. আমলনামা কী? আমলনামা কয়জন ফেরেশতা লেখেন?

উত্তর : আমলনামা হলো কর্মলিপি। মানুষ দুনিয়াতে যেসব কাজ করছে তা ফেরেশতারা লিখে রেখেছেন। এই লিখিত রূপ হলো আমলনামা। আমলনামা দুজন ফেরেশতা লেখেন।

প্রশ্ন-৫. কবরে দুজন ফেরেশতা কয়টি প্রশ্ন করবেন? প্রথম প্রশ্নটি কী?

উত্তর : কবরে দুজন ফেরেশতা তিনটি প্রশ্ন করবেন। প্রথম প্রশ্নটি হলো: মান রাব্বুকা- তোমার রব কে?

প্রশ্ন-৬. মিযান অর্থ কী? মিযান দিয়ে কী করা হবে?

উত্তর : মিযান অর্থ দাঁড়িপাল্লা বা পরিমাপ দ-। মিযান দিয়ে হাশরের দিন আমাদের পাপ ও পুণ্যের আমলনামা ওজন করা হবে।

প্রশ্ন-৭. কীসের মাধ্যমে নবি-রাসুলরা জ্ঞান লাভ করেছেন? সর্বশেষ রাসুলের নাম লেখো।

উত্তর : ওহির মাধ্যমে নবি-রাসুলরা জ্ঞান লাভ করেছেন। সর্বশেষ রাসুলের নাম হলো- হযরত মুহাম্মদ (সা.)।

প্রশ্ন-৮. ‘আল্লাহ সর্বশক্তিমান’-এর দুটি দৃষ্টান্ত লেখো।

উত্তর : আল্লাহ সর্বশক্তিমান এর দৃষ্টান্ত হলো- পৃথিবীর সব কিছু আল্লাহর শক্তির অধীনে পরিচালিত হচ্ছে। মেঘ, বৃষ্টি, ঝড়, তুফান, বাতাস আল্লাহর নির্দেশে হয়।

প্রশ্ন-৯. কীভাবে আল্লাহ বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন? সুস্থ থাকার জন্য কী ধরনের পানি দরকার?

উত্তর : পানিচক্রের মাধ্যমে আল্লাহ বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন। সুস্থ থাকার জন্য বিশুদ্ধ পানি দরকার।

প্রশ্ন-১০. ইসলাম কী? ইসলাম মেনে না চললে কী হবে- একটি বাক্যে লেখো।

উত্তর : ইসলাম হলো আল্লাহ প্রদত্ত মানুষের পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম মেনে না চললে মানুষ আল্লাহর রহমত ও করুণা থেকে দূরে সরে পড়বে।

প্রশ্ন-১১. সর্বশেষ আসমানি কিতাব কোনটি? এ কিতাবের প্রথম সুরার নাম লেখো।

উত্তর : সর্বশেষ আসমানি কিতাব হলো কুরআন মজিদ। প্রথম সুরার নাম হলো আল ফাতিহা।

প্রশ্ন-১২. আসমাউল হুসনা কাকে বলে?

উত্তর : মহান আল্লাহ তায়ালার অনেকগুলো সুন্দর নাম আছে। এগুলোকে আসমাউল হুসনা বলে।

প্রশ্ন-১৩. আল্লাহর কোন গুণের কারণে আমরা ক্ষমা পাই?

উত্তর : আল্লাহর গাফুরুন গুণের কারণে।

প্রশ্ন-১৪. আল্লাহ তায়ালা যুগে যুগে নবি-রাসুল পাঠিয়েছেন কেন?

উত্তর : কোন পথে মানুষের কল্যাণ ও সুখ তা শিক্ষা দেওয়ার জন্য।