লালমনিরহাটের কালীগঞ্জে ভিমরুলের কামড়ে সুবাস চন্দ্র রায় (৪০) নামে এক কলেজ শিক্ষক মারা গেছেন। ভিমরুলের কামড়ে নিহত সুবাস চন্দ্র রায় স্থানীয় শামছুদ্দিন-কমরউদ্দিন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুবাস চন্দ্র রায় সতীরপাড় এলাকার মৃত প্রসন্ন কুমার রায়ের ছেলে।
জানা যায়, উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট সতীরপাড় এলাকায় তিনি বাড়ির পার্শ্ববর্তী লেবু বাগানে গরুর জন্য ঘাস কাটতে গেলে তাকে ভিমরুলে কামড়ে দেয়। এসময় তিনি বাগানের মধ্যেই ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের লোকজন তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুপুরে মারা যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার শিক্ষক সুবাস চন্দ্র রায়ের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, বেশি সংখ্যক ভিমরুল তাকে কামড়ে দেওয়ায় তিনি মারা যান।