ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক পদ থেকে এবং দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
মঙ্গলবার তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগ করার জন্য দপ্তরে চিঠি পৌঁছে দেন। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রিন্স বলেন, “গত সোমবার বিকেলে কমিটি ঘোষণার পর রাতেই দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক তার পদ থেকে পদত্যাগ করেন।”
অন্যদিকে যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুল আলম নীরব দেশ রূপান্তরকে বলেন, "রফিকুল আলম মজনু ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব পদ পাওয়ার পর যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির পদ থেকে ইস্তফা নিয়েছেন। গত সোমবার রাতে মজনু পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে।"