জান্তার নির্বাচনের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

মিয়ানমারে ২০২৩ সালের আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের যে প্রতিশ্রুতি দিয়েছে জান্তা, তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। খবর এএফপি।

অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি সরকার উৎখাতের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং। তিনি গত রবিবার এক টেলিভিশন ভাষণে আগামী দুই বছরের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার ও নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। এ ঘোষণার মধ্য দিয়ে দেশটিতে সেনাশাসনের সময় আরও দুই বছর বাড়িয়ে নেয় জান্তা।

তবে মিয়ানমার জান্তার এমন প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে গত সোমবার যুক্তরাষ্ট্র বলেছে, নির্বাচন আয়োজনে দুই বছর সময় নিয়ে মিয়ানমারের জান্তা সময়ক্ষেপণ করছে। এমন প্রেক্ষাপটে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ বৃদ্ধি করুক বলে জানিয়েছে ওয়াশিংটন।