নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চুরির মামলায় আটক করে থানায় আনার পথে হাতকড়া থেকে কৌশলে হাত বের করে পালিয়েছে রাজিব তালুকদার (২৬) নামে এক আসামি। তবে গতকাল মঙ্গলবার ভোর ৩টার দিকে আবার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজিব তালুকদারের বাড়ি উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউসারি গ্রামে। এলাকায় চোর হিসেবে রাজিবের পরিচিতি রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিও রাজিব।
জানা যায়, গত রবিবার রাতে রাজিব তালুকদারকে নিজ ইউনিয়নের যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে কলমাকান্দা থানা পুলিশ। পরবর্তী সময়ে একই ইউনিয়নের অন্যান্য এলাকা থেকে সোনা মিয়া ও আলমগীর নামে আরও দুজনকে আটক করে উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপুল রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা। তিনজনকে গ্রেপ্তার করে প্রথমে নৌকাযোগে বড়খাপন এলাকায় আসার পর তাদের মোটরসাইকেলে তুলে থানার উদ্দেশে যাত্রা করে পুলিশ। এক মোটরসাইকেলে এক আসামি ও আরেক মোটরসাইকেলে রাজিবসহ দুই আসামি। এসময় আসামিদের হাতে হাতকড়া পরানো ছিল। রাজিবের হাত চিকন (সরু) থাকায় পুলিশের অজান্তে সে কৌশলে হাতকড়া থেকে নিজের হাত বের করে ফেলে।
বড়খাপান ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম হাদিউজ্জামান হাদিস জানান, রাজিবের বিরুদ্ধে কলমাকান্দা থানাতে একাধিক মামলা রয়েছে। সে এলাকায় একজন চোর ও তার অত্যাচারে অতিষ্ঠ এলাকবাসী। এছাড়াও তার বিরুদ্ধে অন্যান্য থানাতে মামলাও রয়েছে। নিজ গ্রামসহ পাশর্^বর্তী কয়েক গ্রামের বাসিন্দাদের কাছে আতঙ্কের একটি নাম রাজিব।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান রাজিবকে ফের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। দায়িত্বে অবহেলার দায়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।