১৩ আগস্ট থেকে শুরু হয়ে যাবে লা লিগার নতুন মৌসুম। ১৫ আগস্ট প্রথম ম্যাচ বার্সেলোনার। এখনো লিওনেল মেসির সঙ্গে ক্লাবের চুক্তি হয়নি। লিগ শুরুর আগে চুক্তি হবে তো? ৮ আগস্ট ঘরের মাঠে হুয়ান গাম্পের ট্রফিতে জুভেন্তাসের সঙ্গে খেলা বার্সেলোনার। ক্রিশ্চিয়ানো রোনালদো খেলতে পারেন সে ম্যাচে। মেসি কি খেলবেন? গণমাধ্যমের এসব প্রশ্নের জবাবে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা আশাবাদী। ফিন্যান্সিয়ার ফেয়ার প্লে’র ব্যাপারে লা লিগা কর্র্তৃপক্ষের কাছে কিছুটা নমনীয়তা চেয়েছেন তিনি।
গত ৩০ জুন বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়। জুলাইয়ের মাঝামাঝি সময়ে ইউরোপীয় সংবাদ মাধ্যমের খবর হয়, বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করতে রাজি হয়েছেন মেসি। কিছু জটিলতায় তা আটকে আছে। এরপর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো তেমন অগ্রগতির খবর আসেনি। সোমবার রিয়াল বেটিস থেকে ডিফেন্ডার এমারসন রয়ালের যোগদান অনুষ্ঠানে লাপোর্তা বলেন, ‘আমরা যতটা সম্ভব সবকিছুই করছি এবং সবকিছু ভালোমতো এগোচ্ছে। আমাদের সবার বিশ্বাস, চুক্তি হবে। লিও বার্সায় থাকতে চায় এবং আমরা যেটুকু পারি তার সবটুকু করব। এখানে থেকে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়াটাই তার (মেসির) কাছে অগ্রাধিকার পাচ্ছে। আর এজন্য আমাদের খুশি হওয়া উচিত।’ ইন্টারনেট।