কোভিডে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে ১৪ জনের মৃত্যু

কোভিড-১৯ এ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৪ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে করোনায় ৮ জন এবং উপসর্গে ৬ জন। এই হাসপাতালের করোনয় চিকিৎসাধীন রয়েছে ৩৩৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৫২ জন।

এদিকে ফরিদপুরের সিলিভ সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর ৪৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জন। শতকরা হারে যা ৩৯.৩৫ শতাংশ।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৩০৭ জন, সুস্থ হয়েছে ১৩ হাজার ৯৬৭। এ জেলায় মোট মৃত্যু হয়েছে ৪০৩ জনের।