আঠারো বছরের বেশি বয়সীরা ১১ আগস্টের পর টিকা গ্রহণ ছাড়া বাইরে বের হতে পারবে না-এমন কোনো সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয় নেয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হতে পরামর্শ দেন তিনি।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব উল্লেখ করা হয়।
মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দেওয়া এক বক্তব্য ঘিরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেছিলেন, লকডাউন তুলে নেয়ার পর ১৮ বছরের বেশি বয়সীদের টিকা গ্রহণ ছাড়া বাইরে বের হতে দেওয়া হবে না।
এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বুধবার মন্ত্রী তার এ বক্তব্য প্রত্যাহার করে নেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক মাধ্যমে ‘১৮ বছরের ঊর্ধ্বে টিকা নেয়া ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না’ মর্মে যে সংবাদ পরিবেশিত হচ্ছে তা স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট। কিন্তু কিছু সংবাদে বক্তার নাম উল্লেখ না থাকায় এ নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে যেতে পারবে না' বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নয়। এ রকম কোনো সিদ্ধান্তও মন্ত্রণালয় নেয়নি।
জাহিদ মালেক জানান, আগামী ৭-১২ আগস্ট দেশব্যাপী করোনা ভ্যাকসিন ক্যাম্পেইন কার্যক্রম ফলপ্রসূ করার লক্ষ্যে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় এক সপ্তাহে এক কোটি ডোজ টিকা প্রদান কার্যক্রমকে সফল করতে দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতা এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার মাধ্যমে ভ্যাকসিন প্রদান কার্যক্রমকে ফলপ্রসূ করা যায় সে ব্যাপারে সবাইকে অনুরোধ করা হয়। কিন্তু সভায় ‘১৮ বছরের ঊর্ধ্বের কেউ টিকা নেয়া ছাড়া ঘরের বাইরে বের হতে পারবে না' এ ধরনের কোনো কথা বা সিদ্ধান্ত বা কোন প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়নি।
ফলে এ বিষয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ করেন জাহিদ মালেক।